রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে অন্ধ্রপ্রদেশকে ইনিংসে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। কল্যাণী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। বঙ্গ বোলারদের দাপটে মাত্র ২৯৫ রানেই শেষ হয় অন্ধ্রপ্রদেশের প্রথম ইনিংস৷
জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন বাংলার ব্যাটাররা। দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ চ্যাটার্জি ব্যর্থ হলেও, ২৯৯ রানের দুরন্ত ইনিংস খেলেন সুদীপ কুমার ঘরামি। এক রানের জন্য ত্রিশতরান হাতছাড়া করলেও, রেকর্ড বুকে নাম তুলে নেন সুদীপ। ৮১ রান করেন সুমন্ত গুপ্ত। ৯৫ রান করেন শাকির গান্ধী৷ মাত্র ৩৩ বলে ৫৩ রান করেন মহম্মদ শামি। ফলে প্রথম ইনিংসেই ৬২৯ রান তোলে বাংলা।
৩৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অন্ধ্রপ্রদেশ। শুরু থেকেই বাংলার বোলারদের দাপটে ব্যাকফুটে চলে যায় তারা। একা নিতীশ কুমার রেড্ডি (৯০) ছাড়া আর কেউই বড় রান করতে পারেননি। শেষ দিকে ত্রিপুরানা বিজয় ৪৬ রান করেন। ফলে মাত্র ২৪৪ রানেই গুটিয়ে যায় অন্ধ্রপ্রদেশের ইনিংস। ৯০ রান এবং এক ইনিংসে জয় পায় বাংলা। বাংলার হয়ে চারটি উইকেট নেন শাহবাজ আহমেদ৷
