আন্তর্জাতিক ফুটবল
আবারও চোটের কবলে নেইমার। খেলতে পারবেন না বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচেও…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই নিজের পুরোনো দল স্যান্টোস এফসিতে যোগদান করেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। কিন্তু তারই মাঝে ব্রাজিল সমর্থকদের জন্য খারাপ খবর। ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে স্যান্টোসের ২-০ গোলে জয়ের ম্যাচে বাঁ পায়ে গুরুতর চোট পান নেইমার। ফলে বিশ্বকাপের বাছাই পর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিককে।
শুধু নেইমার নন, চোটের কারণে খেলতে পারছেন না গোলরক্ষক এদারসন ও দানিলোও। এই বিষয়ে নিজের মতামত জানিয়ে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বলেছেন, “দল ঘোষণা হওয়ার পরে ব্রাজিলের জাতীয় দলের মেডিক্যাল বিভাগের কাছে আমাদের সকল ফুটবলারের, বিশেষ করে নেইমার, দানিলো ও এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিই। তাঁদের চোট থাকার কারণে এবারে তাদের পরিবর্ত নিয়েছি”। বৃহস্পতিবার ঘরের মাঠে কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। ২৬ মার্চ বুয়েনস আইরেসে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে নেইমারের দল।
আন্তর্জাতিক ফুটবল
গোল করেও নায়ক হতে পারলেন না রোনাল্ডো, পেনাল্টি নষ্ট করে হার আল নাসেরের
রে স্পোর্টজ ওয়েব : ১০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ ধাপ দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবলে নিজের ৯৮৬তম গোলটি করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু ব্যক্তিগত সাফল্যের দিনেও দলকে জেতাতে পারলেন না তিনি। সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল আহলির কাছে ১-৩ গোলে পরাজিত হল আল নাসের। এই হারে লিগ জয়ের লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল রোনাল্ডোর দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আল নাসের। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। এর পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সিআর সেভেন। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। আর সেখান থেকেই ম্যাচের ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে।
প্রথমার্ধের সংযুক্ত সময়ে গালেনোর গোলে সমতা ফেরায় আল আহলি। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে তারা। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইভান টনি। চার মিনিট পর রজার ইবানেজের গোলে জয় নিশ্চিত করে আল আহলি। ম্যাচজুড়ে রোনাল্ডোকে কড়া পাহারায় রেখেছিলেন প্রতিপক্ষের ফুটবলারেরা।
এই হারের ফলে ২৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল নাসের। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল এবং দ্বিতীয় স্থানে আল কাদসিয়া। অন্যদিকে, এই জয়ের পর ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি। ব্যক্তিগতভাবে ১০০০ গোলের দিকে এগোলেও দলগত সাফল্যের লড়াইয়ে আপাতত বড় ধাক্কা খেলেন রোনাল্ডো।
আন্তর্জাতিক ফুটবল
মেসিহীন প্রথম ম্যাচেই হার, আর্জেন্টিনাকে হারিয়ে চমক উরুগুয়ের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মেসি নেই, নেই তাঁর সেই চেনা জাদু। আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল আর্জেন্টিনাকে। শুক্রবার রাতে লা বোম্বোনেরায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল উরুগুয়ে। জয়ের নায়ক দিয়েগো ফোরলানের দল। অন্যদিকে, লিওনেল স্কালোনির দলের হয়ে একমাত্র গোলটি করেন জুলিয়ান আলভারেজ।
প্রথমার্ধে বলের দখল এবং আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফিয়েরিনের দৃঢ়তায় গোলের মুখ খুলতে পারেনি তারা। প্রথম ৪৫ মিনিট গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রং বদলে যায়। ৪৮ মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। জর্জিয়ান দে আরাসকায়েতার সেট পিস থেকে আসে দ্বিতীয় গোলটি।
দুই গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁজ বাড়ায় আর্জেন্টিনা। ৭৩ মিনিটে জিয়ানলুকা প্রেস্টিয়ানির পাস থেকে গোল করে ব্যবধান কমান জুলিয়ান আলভারেজ। শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করলেও উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসির অনুপস্থিতিতে নতুন করে নিজেদের খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ এখন স্কালোনির সামনে। অন্যদিকে, এই জয়ে আত্মবিশ্বাস বাড়ল উরুগুয়ের। আগামী ১৭ নভেম্বর কোস্টারিকার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ফুটবল
নিউজিল্যান্ডের কাছে পাঁচ গোলের লজ্জা ভারতের
সৌরভ রায়, অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ন্যূনতম লড়াইটুকুও দিতে পারল না ভারত। আক্রমণ, মাঝমাঠ থেকে রক্ষণ—কোনও বিভাগেই প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিতে পারলেন না খালিদ জামিলের ছেলেরা। গো মিডিয়া স্টেডিয়ামে অল হোয়াইটসের কাছে ৫-০ গোলে হারল ব্লু টাইগার্স। প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধে দু’টি গোল করে ভারতের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল নিউজিল্যান্ড। গোলের নীচে বিশাল কাইথ না থাকলে হারের ব্যবধান আরও বাড়তে পারত। একাধিক নিশ্চিত গোল বাঁচানোর পাশাপাশি একটি পেনাল্টিও রুখে দেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল জেসি র্যান্ডালের। বাকি গোলগুলি ক্রিস উড ও লাচলান বেলিসের। এ ছাড়া একটি আত্মঘাতী গোল করেন বিজয়।
ম্যাচের শুরু থেকেই ভারতীয় রক্ষণে চাপ তৈরি করতে থাকে নিউজিল্যান্ড। তার ফলও মেলে দ্রুত। পঞ্চম মিনিটেই বিজয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অল হোয়াইটস। এর পর একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলেন র্যান্ডালরা। বিশালের পরপর কয়েকটি দুরন্ত সেভে সাময়িক স্বস্তি পায় ভারত। ১৯ মিনিটে রায়ান উইলিয়ামসের পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন মনবীর সিং। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। উল্টে ৩৪ ও ৪৩ মিনিটে পরপর দু’টি গোল করে ভারতের প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত শেষ করে দেন র্যান্ডাল। প্রথমার্ধেই হ্যাটট্রিকের সুযোগ ছিল তাঁর সামনে। তবে বিরতির আগে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচটি পরিবর্তন করেন খালিদ জামিল। জয় গুপ্তা, হামতে, মেহতাব সিং, রিকি মেইতেই এবং মহম্মদ সুহেলকে মাঠে নামান তিনি। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় সুহেলের। কিন্তু তাতেও ভারতের খেলার ছবিতে কোনও পরিবর্তন আসেনি। বরং আক্রমণের ধার বজায় রাখে নিউজিল্যান্ড। ৫৭ মিনিটে হেডে গোল করে ব্যবধান বাড়ান ক্রিস উড। ৭৪ মিনিটে লাচলান বেলিসের দুরন্ত ভলিতে স্কোরলাইন দাঁড়ায় ৫-০।
এর পরেও ভারতের অস্বস্তি কমেনি। ৭৮ মিনিটে পেনাল্টি পায় নিউজিল্যান্ড। কিন্তু বিল টুইলোমার স্পট কিক আটকে দিয়ে দলকে আরও বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচান বিশাল। ফিরতি শটও আটকে দেন ভারতীয় গোলকিপার। শেষদিকে ডেভিড ও টম্বা সিং হাওবামকে মাঠে নামান খালিদ। জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁদেরও। ৮৪ মিনিটে রায়ান উইলিয়ামসের একটি প্রচেষ্টা থাকলেও গোলের মুখ খুলতে পারেনি ভারত।
সব মিলিয়ে ম্যাচের কোনও পর্যায়েই নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারল না ভারত। মাঝমাঠ ও রক্ষণের মধ্যে সমন্বয়ের অভাব বারবার প্রকট হয়েছে। আক্রমণেও ছিল না প্রয়োজনীয় ধার। পাঁচ গোল হজম করে মাঠ ছাড়তে হল খালিদের দলকে। রবিবার ক্রাইস্টচার্চে ফের মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন ভারতের প্রধান লক্ষ্য।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল5 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল6 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল6 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল4 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল5 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল2 months agoম্যাকলারেনের সেই সেভ থেকে ব্রাজিলের সামনে, গিলের নতুন যাত্রা; অকপট প্রবসুখন সিং গিল
