রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলের অন্যতম বড় লড়াইয়ের আগে বেঙ্গালুরুতে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। টানা চার ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড।
শনিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভারতের এল ক্লাসিকো। চলতি আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে বেঙ্গালুরুতে পা রাখল মোহনবাগান।
শুক্রবার সকালে শেষ মুহুর্তের প্রস্তুতি সেরেই বেঙ্গালুরুর বিমান ধরেছিল বাগান ব্রিগেড। কঠিন পরীক্ষার আগে অনুশীলনে কোনওরকম খামতি রাখতে চাইছেন না সার্জিও লোবেরা।
প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে লোবেরা বলেন,
“নিজেদের মাঠে খেললে অবশ্যই বাড়তি সুবিধা থাকে। কিন্তু যদি ট্রফি জিততে হয়, তাহলে কঠিন পরিস্থিতিতেও জিততে হবে। বেঙ্গালুরুর মাঠে খেলা কঠিন, তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”
টানা চার ম্যাচ জয়ের ফলে অনেকটাই চাপমুক্ত বাগান শিবির। আত্মতুষ্টির প্রসঙ্গে লোবেরার সাফ জবাব,
“এই দলে অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই। আমি প্রতিদিন ফুটবলারদের সঙ্গে কথা বলি। সবাই খুব পরিশ্রম করছে। আত্মতুষ্টির কোনও চিহ্ন ওদের মধ্যে দেখি না।”
শনিবার সুনীল ছেত্রীদের বিরুদ্ধে রবসন রবিনহোকে পাবেন না লোবেরা। ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে ছাড়াই বেঙ্গালুরুতে পা রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম একাদশে বদলের কোনও সম্ভবনাই নেই। কঠিন ম্যাচেও আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র লোবেরার। তাই আক্রমণে তিন অজি ফুটবলারকে রেখেই দল সাজাবেন তিনি।
